২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে যারা স্বজন হারিয়েছেন, তাদের কাছে ভারতে শেখ হাসিনার অবস্থান নিছক রাজনৈতিক আশ্রয়ের প্রশ্ন নয়। কোনো পরিবারে এখনো চলছে আহত স্বজনের সেবা।
–
কোনো মা-বাবার কাছে সন্তানের খালি ঘরটি প্রতিদিন মনে করিয়ে দেয়, তারা কী হারিয়েছেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী যখন ভারতের মাটি থেকে বাংলাদেশের মানুষের উদ্দেশে বক্তব্য দেন, তখন এসব পরিবারের প্রশ্ন, গণতন্ত্রের জন্য এত বড় মূল্য দেয়ার পরও তারা কেন দেখবেন যে তাদের এই দুর্ভোগের জন্য যাকে দায়ী মনে করেন, তিনি বিদেশে বসে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে যাচ্ছেন?
২০২৫ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানায়, গণ-অভ্যুত্থানের সময় নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ পর্যন্ত হতে পারে। আহত হয়েছেন আরও কয়েক হাজার মানুষ। তাদের অনুসন্ধানে তৎকালীন সরকার, নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগের সহিংসতায় জড়িত অংশের পদ্ধতিগত দমন-পীড়নের চিত্র উঠে আসে।